
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বসতবাড়িতে চুরির ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়া গেছে। এক রাতেই সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে রায়গঞ্জ থানাধীন ধানগড়া পৌরসভার পালপাড়া এলাকায়। ভুক্তভোগী বাড়ির মালিক শ্রী মঙ্গল চন্দ্র দাস (৬০), পিতা—মৃত যতীন্দ্র দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা টিনশেড ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও কাঠের ওয়ারড্রব ভেঙে তছনছ করে প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশ্ববর্তী এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক কীর্তন অনুষ্ঠান চলছিল। এ কারণে পরিবারের সদস্যরা সবাই অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরে তারা দরজার তালা ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার কারণে পালপাড়া এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, চুরির ঘটনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Reporter Name 



















