
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রোববার (আগামীকাল) সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ, ছবি তোলা ও বায়োমেট্রিক প্রদানসহ সব কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার এখতিয়ার রয়েছে। সেই বিবেচনায় তাদের ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধনের আবেদন গ্রহণ করা হয়েছে।
ইসি সচিব জানান, নিবন্ধনের প্রাথমিক কাজ শেষ হলেও আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি যাচাইসহ কিছু আনুষঙ্গিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। যাচাই-বাছাই শেষে কমিশনের অনুমোদন পেলে তাদের নাম চূড়ান্তভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং এনআইডি নম্বর প্রদান করা হবে। তিনি আরও বলেন, কমিশনের সিদ্ধান্ত আনুষ্ঠানিক সভা অথবা নথিভিত্তিক অনুমোদনের মাধ্যমে হতে পারে। বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে এবং দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
এর আগে শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে উপস্থিত হন জুবাইদা রহমান ও জায়মা রহমান। সেখানে কিছু সময় অবস্থান করে তারা ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে দুপুর ১টায় সেখানে পৌঁছান তারেক রহমান এবং নিবন্ধন কার্যক্রম শেষে ১টা ১৮ মিনিটে তিনি ভবন ত্যাগ করেন।
তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে নির্বাচন কমিশন ভবন, প্রশিক্ষণ ভবন ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদার করা হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশনের সিদ্ধান্তের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
Reporter Name 



















