
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনে উপস্থিত হবেন। সেখানে তিনি ভোটার তালিকাভুক্তি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।
দীর্ঘ সাড়ে ১৭ বছর দেশের বাইরে অবস্থানের কারণে তিনি এতদিন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেননি। ২০০৮ সালে দেশ ত্যাগের পর এই প্রথম তিনি ভোটার হওয়ার উদ্যোগ নিচ্ছেন। বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে, গত ২২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন।
তিনি বলেন, সরকারি ছুটির দিন থাকলেও নির্বাচনকালীন সময়ে শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকে, তাই ওই দিনই প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হবে। দলীয় নেতারা আশা করছেন, তারেক রহমানের ভোটার হিসেবে নিবন্ধন রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনা সৃষ্টি করবে।
Reporter Name 


















