
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
সূত্র জানায়, বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো লিখিত এজেন্ডা নির্ধারণ করা না হলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া দলীয় সাংগঠনিক অবস্থা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট নেতারা ইঙ্গিত দিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বৈঠক শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Reporter Name 


















