
পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে রাজশাহীতে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে নগরীর আলুপট্টি মোড়ে উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথি ও উদীচীর নেতৃবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক এডভোকেট মুরাদ মোর্শেদ, শ্রমিক নেতা কমরেড হুমায়ুন রেজা জেনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক শামসুল আবেদিন ডন ও উদীচীর সহ-সভাপতি অজিত কুমার মণ্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী কল্পনা রায়, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অসিম সরকার লিটন, বাসদ জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, উদীচীর সহ-সভাপতি আফতাব হোসেন কাজল ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দাস ও সাথী আক্তারসহ আরও অনেকে।
আলোচনা শেষে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন সেলিনা বানু, আবু তালেব মোল্লা ও প্রফুল্ল প্রামাণিক। খালেদা কেয়া’র নির্দেশনায় শিশু শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় সুকান্ত ভট্টাচার্যের “রাখাল ছেলে” নাটকটি। এছাড়া উদীচীর কণ্ঠশিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় প্রাণবন্ত গণসংগীত।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কৃষক আন্দোলনের নেতা ইলা মিত্র, প্রখ্যাত গণসংগীত শিল্পী সলিল চৌধুরী, কবি সুকান্ত ভট্টাচার্য ও চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
Reporter Name 


















