স্টাফ রিপোর্টার :
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে সুযোগ থাকলে সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও নির্বাচনী প্রস্তুতি, প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার— এসব বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্যের অপব্যবহার, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঝুঁকি সম্পর্কিত বিষয়গুলো। ইসি সচিব বলেন, “আমরা এআই ইন্টারভেনশন, ইনফরমেশনের অপব্যবহার ও ভুয়া তথ্য নিয়ে কথা বলেছি। অস্ট্রেলিয়াতেও এ ধরনের সমস্যা আছে বলে তারা জানিয়েছেন। আমাদের ইউএনডিপি স্পন্সর করা ‘ব্যালট’ প্রকল্পে তারাও যুক্ত আছেন।
ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে তারা বিবেচনা করবেন।” বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
Reporter Name 


















