
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
কাকলী সংগীত একাডেমির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক,আবুল কালাম আজাদ, কাকলী সংগীত একাডেমির উপদেষ্টা ডা. এসএম কামরুল হাসান মুরাদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। তাঁর সৃষ্টি ও আদর্শ তরুণ সমাজকে মানবতা, সাম্য ও সম্প্রীতির পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
Reporter Name 















