
স্টাফ রিপোর্টার:
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৭), তিন বছর বয়সী ছেলে শর্ণশিষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। দেবাশীষ দত্ত কুষ্টিয়া মডেল থানার মোহিনী মিল এলাকার আড়ুয়াপাড়ার বাসিন্দা। তাঁর বাবা দিলীপ কুমার দত্ত। তিনি দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে ভারতে যান দেবাশীষ। বেঙ্গালুরুতে ১৩ দিন অবস্থানের পর ঘটনার আগের দিন তাঁরা কলকাতায় পৌঁছে একটি আবাসিক হোটেলে ওঠেন। পরদিন ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে দেবাশীষ দত্তের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
Reporter Name 















