
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটো ছিনতাইয়ের একটি ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অটো মিশু গাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩ জুন বিকেলে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে একটি অটো মিশু গাড়ি ভাড়া নেয়। পরে তারা উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার একপর্যায়ে চালককে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী চালক রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার পাঙ্গাশী এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে আবু রায়হান (৩৫), একই উপজেলার পাঙ্গাশী গ্রামের আব্দুর রশিদের ছেলে রিপন ফকির (৩৬), নওদা শালুয়া এলাকার বারেক শেখের ছেলে নাজমুল শেখ (৩৪) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে আলী (১৯)। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটো মিশু গাড়ি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য এক লাখ ৪৫ হাজার টাকা। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 









