
আব্দুল মান্নান,কাজীপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা উপজেলার আলমপুর চৌরাস্তায় বোরো ধান কাটার শ্রমিকদের অস্থায়ী হাট এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। বোরো ধান পাকতে শুরু করায় প্রতিদিন ভোর থেকেই সেখানে কৃষক ও শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত আলমপুর চৌরাস্তায় বসে এই শ্রমিকের হাট। প্রতিদিন প্রায় ২০০ জনেরও বেশি শ্রমিক সেখানে কাজের আশায় জড়ো হন। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে প্রয়োজন অনুযায়ী শ্রমিক ঠিক করে নিজেদের জমিতে ধান কাটার কাজে নিয়ে যাচ্ছেন।
বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ৭৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে। জমির অবস্থান, ধানের পরিমাণ এবং কাজের ধরন অনুযায়ী মজুরির এই পার্থক্য দেখা যাচ্ছে। শ্রমিকরা জানান, বোরো মৌসুম পুরোদমে শুরু হলে শ্রমিকের সংখ্যা আরও বাড়বে। তখন হাটে প্রতিদিন আরও বেশি মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। কৃষিপ্রধান এই অঞ্চলে প্রতিবছর বোরো মৌসুমে এমন শ্রমিকের হাট কৃষকদের জন্য স্বস্তির কারণ হলেও শ্রমিক সংকটের সময় মজুরি কিছুটা বেড়ে যায়। তারপরও সময়মতো ধান ঘরে তুলতে কৃষকরা এই হাটের ওপর অনেকটাই নির্ভরশীল।
Reporter Name 















