
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাড় থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনার পর র্যাব-১২ ও র্যাব-৪ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার দারুস সালাম থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মো. হাসেমের ছেলে। এর আগে গত ২১ এপ্রিল রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 









