
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষি ও পুষ্টি উন্নয়নকে সামনে রেখে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় একটি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (বগুড়া অঞ্চল) মো. আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘পার্টনার’ প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও কৃষি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের কৃষিকে খোরপোশ নির্ভরতা থেকে বের করে বাণিজ্যিক খাতে উন্নীত করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং সুষম সার প্রয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে অতিথিরা কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন।
Reporter Name 









