
কামারখন্দ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে বইছে উৎসবমুখর আমেজ। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের দৌড়ঝাঁপ, আলোচনা ও নানা জল্পনা-কল্পনায় সরব হয়ে উঠেছে পুরো সাংবাদিক সমাজ। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ২৬ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা, ব্যালট নম্বর ও ভোটার তালিকা প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ০২ মে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন দেশ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, দৈনিক ভোরের কাগজের কামারখন্দ প্রতিনিধি দুলাল হোসেন মন্ডল এবং বৈশাখী টিভির কামারখন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম। তিন প্রার্থীর মধ্যেই চলছে নীরব প্রতিদ্বন্দ্বিতা, যা ইতোমধ্যে ভোটারদের মাঝে আগ্রহ তৈরি করেছে। সাধারণ সম্পাদক পদেও জমে উঠেছে প্রতিযোগিতা। এ পদে লড়ছেন দৈনিক আমার সংবাদের কামারখন্দ প্রতিনিধি ইয়াসিন কবির, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল এবং দৈনিক আমার দেশ পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন।
প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে নানামুখী যোগাযোগ ও প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভুইয়া। একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন। কামারখন্দ প্রেসক্লাবের এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের সক্রিয় উপস্থিতি ও ভোটারদের আগ্রহে নির্বাচনটি হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 















