
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সাঁড়াশি অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ব্যবসার নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। র্যাব-১২ সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাঁচলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মোঃ রাজু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাজু সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে সলঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
Reporter Name 

















