
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার কার্যক্রম চলতি এপ্রিল মাসজুড়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এদিকে ভুইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসজুড়ে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সহায়তা করে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 
















