
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক :
সারাদেশে আশঙ্কাজনক হারে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা মোকাবিলায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও পৌরসভায় একযোগে এ কর্মসূচি চালু করা হয়। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ পাবনার বেড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতশাকিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতশাকিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক) এবং বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুনাল্ট চাকমা বলেন, গুজব বা ভ্রান্ত তথ্যের কারণে টিকা গ্রহণে অনীহা তৈরি হলে তা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই অভিভাবকদের সচেতন হয়ে সময়মতো শিশুদের টিকা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ এবং এর সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো টিকাদান কর্মসূচি। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তিনি অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, চলমান এ বিশেষ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।
Reporter Name 
















