
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক মহসিন রেজা (বিপ্লব)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়, যেখানে তাদের শিক্ষাজীবনের স্মৃতি ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়।
আবেগঘন পরিবেশে জুনিয়র শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে শুভেচ্ছা জানায়। এতে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে মহসিন রেজা বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই শেষ নয়। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে একজন আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা ও মানসিক দৃঢ়তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Reporter Name 
















