
শফিউল আযম, বিশেষ প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় ফজলু হোসেন (৫০) নামের এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহত ফজলু হোসেন পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে বরশিলা-নলভাঙ্গা সড়কের পাশে ধানক্ষেতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে স্বজনরা মরদেহটি ফজলু হোসেনের বলে শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যায়। ঘটনাস্থল থেকে একটি রিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
Reporter Name 
















