
পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে নগরীর নিউমার্কেট এলাকায় সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর ছেলে সাইফ রহমান। সাশ্রয়ী এই বাজারে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে, যা নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য স্বস্তি এনে দিয়েছে।প্রতিদিনই ক্রেতাদের উপস্থিতি বাড়ছে এবং অনেকে এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে অভিহিত করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি। তিনি বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্যোক্তা সাইফ রহমান বলেন, ঈদের সময় অনেক পরিবারের জন্য বাজার করা কষ্টকর হয়ে ওঠে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই সাশ্রয়ী বাজার চালু করা হয়েছে। সাধারণ মানুষ যাতে কম দামে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, মানুষের সেবা ও সহযোগিতার মনোভাব থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
Reporter Name 

















