
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিবের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু রায়হানের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী ইউপি সচিব মো. মাসুদ রানা জানান, গত ১৫ মার্চ বাগবাটি ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। তবে তিনি দাবি করেন, ওই কার্যক্রমের দায়িত্বে তিনি ছিলেন না।সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল মান্নান, মো. রুহুল আমিন ও মো. আব্দুল মমিনসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসক আতিকুর রহমান তালুকদার এ কার্যক্রম পরিচালনা করছিলেন।
তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে আবু রায়হান বহিরাগত লোকজন নিয়ে তার ওপর হামলা চালান। হামলার সময় তাকে মারধর করা হয় এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ইউনিয়ন পরিষদের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবু রায়হানের স্ত্রীকে সচিবের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। এদিকে, এর আগেও এক সাবেক প্রশাসককে হেনস্থার ঘটনায় আবু রায়হান সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবু রায়হানের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 
















