
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।
বক্তারা বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সমাজে সহমর্মিতা, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে জানানো হয়, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ২০০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়, যা ঈদের আগে তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 
















