
সলঙ্গা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সলঙ্গায় ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে দেড় শতাধিক রোজাদার নারী-পুরুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, দুধ, লাচ্ছা, আলু, পেঁয়াজ, লবণ, তেল, ডাল ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপটির চিফ অ্যাডমিন শাহ আলম মাস্টার। সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জুম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী কে. এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রিয় সলঙ্গার গল্প দীর্ঘদিন ধরে সলঙ্গা এলাকার অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনটি মানবিক সহায়তার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, কন্যাদান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার মতো নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিল্পপতি রফিকুল ইসলাম শফি তালুকদার, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ কে. এম. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের তরুণ সদস্যদের মধ্যে শাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, নাজমুল হুদা, তুষার আহমেদ, সজীব আহমেদ জয়, রেদওয়ান, ইয়াসমিন, চাঁদনী ও সোয়া মনিসহ অনেকে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম. ফারুক হায়দার। শেষে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
Reporter Name 
















