
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যমান সার ডিলারদের লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে চার দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগ ও বিতরণে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। এতে অনেক ইউনিয়নের কৃষক প্রয়োজনীয় সার সংগ্রহে ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও দাবি করেন, কিছু ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্য সার ডিলারশিপ পেয়েছেন, যা নীতিমালার পরিপন্থী। অনিয়ম ও পক্ষপাতিত্বের কারণে অনেক ইউনিয়নের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ তোলেন বক্তারা।
মানববন্ধনে উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা রাজ, সাইফুল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে এক পরিবারের একাধিক সদস্যকে দেওয়া সার ডিলার লাইসেন্স বাতিল, ইউনিয়নভিত্তিক সমন্বয়ের মাধ্যমে ডিলার নিয়োগ, সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া এবং পূর্বে দেওয়া লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সার ডিলার নিয়োগ।
এ সময় বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে কৃষকরা ন্যায্যভাবে সার সংগ্রহ করতে পারেন।
Reporter Name 















