
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে দুইটি অবৈধ ইটভাটাকে ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে, উপজেলার কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও বিধি-বিধান লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল । এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ইটভাটাকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স প্রত্যয় ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স আরএফবি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএফবি ব্রিকস নামের দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
Reporter Name 
















