
পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর পদপ্রত্যাশী মো. গিয়াস উদ্দিন। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে নওহাটা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন বলেন, তিনি একটি বিএনপি পরিবার থেকে উঠে এসেছেন এবং তার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি নিজেও বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অবসরের পর নিজ এলাকায় খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি আরও জানান, আসন্ন সময়ে নওহাটা পৌরসভার কাউন্সিলর পদে বিএনপি মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তিনি কাজ করছেন। এ কারণে এলাকায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
গিয়াস উদ্দিন বলেন, কোনো ষড়যন্ত্রে সফল না হওয়ায় শেষ পর্যন্ত তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ধরনের মিথ্যা অভিযোগ, হুমকি ও অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও মনগড়া। তিনি দাবি করেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে।
Reporter Name 
















