
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং শ্রমজীবী মানুষের জন্য টি-শার্ট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের গণঅধিকার পরিষদের সাবেক এমপি প্রার্থী ও দলটির সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সোনালী আক্তার মল্লিকা।
শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শুভগাছা, পাটা গ্রাম ও সিংড়াবাড়ী এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে সীমান্ত বাজার ও পাটাগ্রাম রোড এলাকায় রিকশা, অটোরিকশা ও ভ্যানচালকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোমিন ফয়সল, যুগ্ম আহ্বায়ক নারায়ণ কর্মকার, যুগ্ম সদস্য সচিব জি.এম. খানসহ দলীয় নেতাকর্মীরা। সোনালী আক্তার মল্লিকা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 
















