
সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মানবসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসিত এক নাম স্কুল শিক্ষক শাহ আলম। তিনি সলঙ্গা থানাসদরের মধ্যপাড়া ভরমোহনী (দশানীপাড়া) এলাকার বাসিন্দা এবং মৃত ছলিমুদ্দিন মোল্লার ছেলে। ছোটবেলা থেকেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
শিক্ষকতার পেশায় যুক্ত থাকার পাশাপাশি তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপটি গড়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সলঙ্গার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে একঝাঁক তরুণ সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন হারুন অর রশিদ, শাহিদুল ইসলাম, তুষার তালুকদার, নাজমুল হুদা, শাকিল আহমেদসহ আরও অনেক স্বেচ্ছাসেবী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সলঙ্গা অঞ্চলের দর্শনীয় স্থান, জনকল্যাণমূলক উদ্যোগ, জনদুর্ভোগ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংগঠনটি ইতোমধ্যে নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, গরিব-অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, দরিদ্র মানুষের জন্য টিউবওয়েল স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং মসজিদ-মাদরাসায় ধর্মীয় গ্রন্থ প্রদান।
সংগঠনের প্রধান সমন্বয়ক শিক্ষক শাহ আলম বলেন, সলঙ্গা ও আশপাশের এলাকার মানুষের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরা এবং সবার সম্মিলিত সহযোগিতায় মানবকল্যাণে কাজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সীমিত সামর্থ্য নিয়েই তারা কাজ শুরু করেছেন, তবে মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, প্রতি বছরের মতো এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
সংগঠনের সভাপতি ও সমাজসেবক কে.এম আমিনুল ইসলাম হেলাল বলেন, সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন যারা মানবিক কাজ করতে চান, কিন্তু সময়ের অভাব বা সঠিক উদ্যোগের অভাবে তা সম্ভব হয়ে ওঠে না। তারা চাইলে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।
সংগঠনের উপদেষ্টাদের মধ্যে নিউরো বিশেষজ্ঞ ডা. রবিউল করিম, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, আব্দুস সালাম মাস্টার, প্রভাষক তাজউদ্দীন এবং এস.এম ফারুক হায়দারসহ অনেকেই বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আসে এমন ছোট ছোট মানবিক উদ্যোগ থেকেই। তরুণরা যদি এভাবে মানবসেবায় এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Reporter Name 

















