
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসার উদ্যোগে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, পঞ্চম শ্রেণিতে মরিয়ম মাইশা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে জেলায় মেধা তালিকায় তৃতীয় স্থান লাভ করেছে।
একই শ্রেণিতে আইয়ুব আনাস ট্যালেন্টপুলে এবং রাফিক বিন সাইদুল সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। অষ্টম শ্রেণিতে মাহমুদ হাসান ট্যালেন্টপুলে এবং জুনাইদ সিদ্দিক সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করেছে।
মাদরাসার সিনিয়র শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মাসুদ আলম, সদস্য রেজাউল করিমসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
Reporter Name 

















