
রিয়াজুল হক সাগর, রংপুর:
আখতার হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে পীরগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্যের সঙ্গে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আখতার হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশে কোনো অনিয়ম-দুর্নীতির স্থান নেই। তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা কামনা করেন। জবাবে এমপি স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়ে আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত পীরগাছা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 



















