
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়নে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং জনবল সংকট নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে শয্যাসংকট, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতি এবং চিকিৎসক-নার্সের স্বল্পতা স্থানীয় স্বাস্থ্যসেবাকে ব্যাহত করছে এমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সভায় নবনির্বাচিত এমপি ভিপি আয়নুল হক উপস্থিত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শোনেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ পাঠানো হবে এবং ধাপে ধাপে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সাবেক মেডিকেল অফিসার ডা. চন্দন কুমার সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারিয়া তাসনীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ ধরনের সরাসরি মতবিনিময় ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে রায়গঞ্জের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।
Reporter Name 
















