
রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুর নগরীতে ‘সিটি ঘি’ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ মণ নকল ঘি জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় নকল ঘি উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। এর আগে দুপুরে নগরীর দামোদরপুর এলাকার প্রেসিডেন্ট মোড় সংলগ্ন একটি ভাড়া বাড়িতে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মাইদুল ইসলাম (৩০)। তিনি পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে তিনি ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কারখানা স্থাপন করেন। সেখানে দুগ্ধজাত কোনো উপাদান ছাড়াই ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করা হতো।
পুলিশের দাবি, উৎপাদিত নকল ঘি রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে উৎপাদন আরও বাড়ানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল ঘি, খালি কৌটা, সিলিং মেশিন ও অন্যান্য উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নকল ঘি উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Reporter Name 
















