
মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্থগিতাদেশপ্রাপ্তরা হলেন বেলকুচি পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সিয়াম মন্ডল।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ-এর স্বাক্ষরিত ১৬ ফেব্রুয়ারির এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধামকি এবং দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় মারধরের অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে মামলা দায়েরের তথ্যও চিঠিতে উল্লেখ করা হয়।
জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন।
Reporter Name 
















