
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও আব্দুল মমিন কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ওই নেতা প্রচারে যুক্ত ছিলেন। ফলে নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭(গ) অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Reporter Name 
















