
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আল্লামা শাহ্ আকরাম আলী (রিকশা প্রতীকের প্রার্থী) অভিযোগ করেছেন, তার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সালথার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় জয়ঝাপ বাজার থেকে বুড়িদিয়া বাজারে গণসংযোগের সময় বিএনপির নির্বাচনী অফিস থেকে আসা একদল লোক তার গাড়িবহরের পথে বাধা দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করা সম্ভব হয়। তিনি প্রশাসনের ভূমিকায় কৃতজ্ঞতা জানান, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগ প্রকাশ করেন। নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতা ইব্রাহিম মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান হয়েছে, কিন্তু কোনো হামলার ঘটনা ঘটেনি।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানও বলেন, সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের ও সেনার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, সালথার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনের সময়ে টহল জোরদার করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 

















