
রিয়াজুল হক সাগর, রংপুর:
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপির শঙ্কা নেই। তিনি বলেন, “আপনারা সহযোগিতা করুন, কোথাও কারচুপি হলে আমাদের জানান, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর।
আশা করি এটি একটি ক্রেডিবল নির্বাচন হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেখানে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, তা নেওয়া হয়েছে। নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড ও আনসার-ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি পাবনা জেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।
Reporter Name 
















