
শফিউল আযম, বিশেষ প্রতিনিধি:
পাবনা-২ (বেড়া-সাঁথিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলীয় ঐক্য ও জনগণের সমর্থন অপরিহার্য।
তিনি দাবি করেন, আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের নেতৃত্ব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে। বেড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের কেন্দ্রমুখী করতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।একই সঙ্গে উন্নত ও সচ্ছল বাংলাদেশ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
নির্বাচনী সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, পৌর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম দীপু, সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খাজা এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন ডাবলু প্রমুখ।
Reporter Name 
















