
কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের আগমন ও নির্ধারিত জনসভাকে সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে গুনগাতী তালতলা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দসহ খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। এছাড়া উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং আসন্ন জনসভা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
Reporter Name 

















