
রিয়াজুল হক সাগর, রংপুর অফিস:
ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় তারেক রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উত্তরাঞ্চলকে শিল্পসমৃদ্ধ এলাকায় রূপান্তর করা হবে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় শিল্প ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ও কৃষিনির্ভর শিল্পের প্রসার ঘটানো হবে। পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। কৃষকদের সহায়তা ও যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে পারস্পরিক দোষারোপ নয়, বরং জনগণের কল্যাণে কী করা হবে—তা-ই হওয়া উচিত মূল আলোচ্য বিষয়। বিএনপি জনগণের সমর্থন নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
তার বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়েও গুরুত্বারোপ করেন। বলেন, এই দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। ধর্মের ভিত্তিতে কাউকে মূল্যায়ন করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
Reporter Name 

















