
রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্মগত শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা ১০ বছর বয়সী শিশু জিহাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে জেলা পুলিশের মানবিক উদ্যোগ। সৎ মায়ের অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগে বেড়ে ওঠা এ শিশুর পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
জিহাদ রায়গঞ্জ পৌরসভার চকমথুর ঝাপড়া এলাকার দিনমজুর বাবলু শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়ায় সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। ফলে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে পরিবারকে চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছিল। বিশেষ করে সৎ মা জবেদা বেগম সন্তানের মতোই তাকে আগলে রেখেছেন, নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও তার দেখভাল করে আসছেন।
সম্প্রতি জিহাদের জীবনসংগ্রামের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে জেলা পুলিশ সুপারের নজরে আসে। এরপর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপারের নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান শিশুটির পরিবারের হাতে সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই এই সহায়তা দেওয়া হয়েছে, যাতে জিহাদের চলাফেরা সহজ হয় এবং তার পরিবারের কিছুটা কষ্ট লাঘব হয়।
সহায়তা প্রদানকালে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপপরিদর্শক নীলকমলসহ থানা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত জবেদা বেগম জানান, এতদিন জিহাদকে কোলে করে স্থানান্তর করতে হতো। এখন সে নিজে বসে চলাফেরা করতে পারবে, যা তাদের জন্য বড় স্বস্তির। তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা মনে করছেন, সৎ মায়ের নিঃস্বার্থ মমতা এবং প্রশাসনের মানবিক সহায়তা মিলিয়ে জিহাদের জীবনে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
Reporter Name 
















