
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–এনায়েতপুর–চৌহালী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বেলকুচি উপজেলার সদর ও বড়ধুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাটবাজার, গ্রামগঞ্জ ও চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব মো. আলম প্রামানিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে আমিরুল ইসলাম খান আলিম এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন। স্থানীয়রা অভিযোগ করেন, চরাঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক ব্যবসার কারণে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি রোগী, বিশেষ করে গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় বলেও জানান তারা।
নদীবেষ্টিত এলাকা হওয়ায় যাতায়াত ব্যবস্থার উন্নয়নে একাধিক সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী। তারা বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিন থেকে চারটি সেতু নির্মাণ হলে চরাঞ্চলের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। এ সময় প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে চরাঞ্চলসহ পুরো আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর অবস্থান নেওয়া হবে।
পাশাপাশি যমুনা নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মুলকান্দি, দশখাদা, বড়ধুল ও এনায়েতপুর এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া চরাঞ্চলে চারটি সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
Reporter Name 
















