
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক। বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু–মুসলিমসহ সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।
সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং সবাই সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য। জনগণের রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি রুহি আফজাল, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, বিএনপি নেতা সবুজ্জল হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আ. ন. ম খোকন।
এছাড়াও মাধাইনগর ইউনিয়ন বিএনপির নেতা শফি তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
Reporter Name 
















