
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদল ও যুবদল সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার হাটুরিয়া গ্রাম থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন (৩২) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
একই দিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামাইল গ্রামে পৃথক আরেকটি অভিযান চালানো হয়।
এ সময় যুবদল নেতা সাব্বির (২৮) ও তার ভাই মনিহারি ব্যবসায়ী কামরুল (৪৮) কে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 
















