
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বুধবার (৪ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, যদি ভোট সুষ্ঠু হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, তারেক রহমান সম্প্রতি ফরিদপুরে অনুষ্ঠিত জনসভায় বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন নিয়ে স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। ফরিদপুর বিভাগ গঠন ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, যুবসমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, খেলাধুলার মাঠ ও ক্রীড়া কেন্দ্র স্থাপন তার অগ্রাধিকার থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে সালথা ও নগরকান্দাকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এই এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারির কোনো সুযোগ থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মজিবুর রহমান সরদার এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন। এতে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, ওলামা দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 
















