
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জে তার নিজ বাসভবনে আয়োজিত এ সভায় ফখরুল ইমাম বলেন, জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। এতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শিল্পখাতের সম্প্রসারণ এবং সার্বিক অর্থনৈতিক অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাদেশিক শাসনব্যবস্থা বাস্তবায়নের বিষয়টিও ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশজুড়ে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ঈশ্বরগঞ্জ উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ফখরুল ইমাম বলেন, নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা আহ্বায়ক ও মুক্তাগাছার সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি, জাতীয় পার্টির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মোতালিব ভূইয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Reporter Name 
















