
রিয়াজুল হক সাগর,রংপুর অফিস :
আমার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, এক্স আইডি হ্যাক হওয়ার পরপরই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণাত্মক প্রচারে নেমে পড়ে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করা হয়। এরপরই একটি দল লেগে যায়, শুরু হয় তাইরে–নাইরে গান। ছোটরা তো ছিলই, বড় বড় মাথার লোকজনও সেই সুরে গলা মেলায়। কিন্তু তারা সফল হয়নি।
তিনি আরও বলেন, জামায়াতের সাইবার টিম বিষয়টি শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এরই মধ্যে মূল ষড়যন্ত্রকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। “সত্য কখনো চাপা থাকে না। মেঘ সূর্য ঢেকে রাখতে পারে না—আজ সত্য স্পষ্ট হয়ে উঠেছে,” বলেন তিনি।
কুড়িগ্রামকে দেশের অন্যতম পিছিয়ে পড়া জনপদ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, এই জনপদ থেকেই উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে। “বঞ্চিতদের আর দাবি জানাতে হবে না, মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ইমানি দায়িত্ব। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। কৃষি বিপ্লব হলে কর্মসংস্থানের অভাব থাকবে না,” বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশের সম্পদ লুটপাট করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে রংপুরের সন্তান শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বুক পেতে দিয়ে অধিকার আদায়ের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। “শহীদদের রক্তের সঙ্গে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না,” বলেন জামায়াত আমীর।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে বলেন, মা-বোনদের হুমকি দেওয়া ও অসম্মান করার রাজনীতি এ দেশে আর চলবে না। “এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ। এখানে কোনো জমিদারতন্ত্র মেনে নেওয়া হবে না,” বলেন তিনি।
জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
সমাবেশে জামায়াত আমীর কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী ড. আতিকুর রহমান মোজাহিদকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা আধিপত্যবাদ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 
















