
ঢাকা অফিস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। এর আগে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট দায়ের করলেও গত ২১ জানুয়ারি হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন।
উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা–৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে ইসি বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। এদিকে একই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাসনাত আব্দুল্লাহ।
Reporter Name 
















