
রিয়াজুল হক সাগর, রংপুর :
রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ৪৯ দফার পরিকল্পনা তুলে ধরেন।
ইশতেহারে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, শিল্প স্থাপন ও কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা, ভূমি জটিলতা নিরসন, মাদক নির্মূল, শিশু বিনোদন কেন্দ্র, পর্যটন উন্নয়নসহ জীবন-জীবিকার ১০টি খাতে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেন।
আখতার হোসেন বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করতে চাই। তিস্তা নদীর ভাঙ্গন রোধ ও নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা, বাঁধ ও মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই লক্ষ্য। সংবাদ সম্মেলনে এনসিপি রংপুর মহানগর কমিটির নেতারা ও দলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রংপুর-৪ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। আখতার হোসেন শাপলা-কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), সমাজতান্ত্রিক দলের প্রগতি বর্মণ তমা (কাঁচি), খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ)।
Reporter Name 


















