
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ মাহাতো সংগঠন থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের মাত্র দেড় ঘণ্টার মধ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন, যা স্থানীয় রাজনীতি ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি বিদ্যুৎ মাহাতো নিজেই নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তার এই হঠাৎ সিদ্ধান্তের পর নিয়ামতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। পদত্যাগের অল্প সময়ের মধ্যেই দল পরিবর্তনের ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ মাহাতোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি নওগাঁর ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
Reporter Name 

















