
সালথা ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।
উপজেলার বিভিন্ন এলাকার ভোটাররা জানান, সংঘর্ষপ্রবণ হিসেবে পরিচিত সালথায় ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার হওয়ায় তারা এখন নির্বিঘ্নে নিজেদের মত প্রকাশ করতে পারছেন। ভোটকেন্দ্রের আশপাশে সেনাসদস্যদের অবস্থানে নারী ও প্রবীণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সালথা উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে ব্যাগপত্র পরীক্ষা এবং মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
সালথা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা বা আধিপত্য বিস্তারের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। এ জন্য সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের সময় সেনাবাহিনীর নিরপেক্ষ ও কঠোর ভূমিকা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংযম বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
Reporter Name 

















