
রিয়াজুল হক সাগর, রংপুর:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রংপুরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে অনুষ্ঠিতব্য এ জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। এ সময় তারা নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মাঠে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাঠের ভেতর ও বাইরে দুই শতাধিক মাইক স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুর বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নে জনসভায় নানা দাবি উপস্থাপন করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। জনসভাস্থল, গুরুত্বপূর্ণ সড়ক ও নগরীর প্রবেশপথে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এ জনসভা রংপুর বিভাগের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
Reporter Name 

















